ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে এনে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে এবং বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতন্ত্র ও স্বাধীনতার চেতনাকে রক্ষা করা দেশের সব মানুষের দায়িত্ব। তিনি ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্য আরও শক্তিশালী করার আহ্বান জানান।
জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, আন্দোলনের শুরু থেকেই তিনি দেশের বাইরে থাকলেও সার্বক্ষণিকভাবে এর প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়েছেন।
বর্তমান রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শক্তি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সে লক্ষ্যেই রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে ‘জাতীয় জুলাই সনদ’ প্রণয়ন এবং প্রয়োজনীয় আইন ও সংবিধান সংস্কারের উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, সরকার ইতোমধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। দেশে ফিরিয়ে আনার পর আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায়ের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশে অবস্থানরত সাবেক সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি সম্পর্কে তিনি বলেন, তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলকে প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করার পক্ষে সরকার নয়। বরং আইন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি হওয়া উচিত।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে সংশোধনের ফলে ব্যক্তি ছাড়াও সংগঠন হিসেবেও বিচারিক প্রক্রিয়া পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে।
জুলাই আন্দোলনের চেতনাকে দলীয় স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়; বরং সাধারণ মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন