সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।
দক্ষিণ কোরিয়া সফরের অংশ হিসেবে দেশটির আধুনিক এক্সপ্রেসওয়ে ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর যোগাযোগ অবকাঠামো সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।
পরিদর্শনের সময় মন্ত্রী কোরিয়ার কোরিয়া এক্সপ্রেসওয়ে ম্যানেজমেন্ট সিস্টেম-এর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় দেশটির সড়ক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণ ও ডিজিটাল টোল আদায়ের আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাকে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

বিশেষ করে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম (ITS)-এর মাধ্যমে কীভাবে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, তা পর্যবেক্ষণ করেন তিনি। পাশাপাশি যানজট কমানো এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ব্যবহৃত স্মার্ট ট্রাফিক সিস্টেম (STS) নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ ছাড়া এক্সপ্রেসওয়েতে ব্যবহৃত ইলেকট্রনিক টোলিং সিস্টেম (ETS)-এর কার্যক্রমও পরিদর্শন করেন মন্ত্রী। কোনো ধরনের বিরতি ছাড়াই দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়ের এই ব্যবস্থা বাংলাদেশের সড়ক ব্যবস্থাপনায় কীভাবে প্রয়োগ করা যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয়।

সফরের আরেক পর্যায়ে শেখ রবিউল আলম কোরিয়ার কেন্দ্রীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হাব কোরিয়া ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টার পরিদর্শন করেন। সেখানে প্রযুক্তির মাধ্যমে দেশটির যোগাযোগ ব্যবস্থাকে কীভাবে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় পরিচালনা করা হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত জানেন তিনি।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, বাংলাদেশের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি একটি স্মার্ট ও সমন্বিত যোগাযোগ অবকাঠামো গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।
তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশের সড়ক, রেল ও নৌ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশটির সফল মডেল ও প্রযুক্তিগত অভিজ্ঞতাকে বাংলাদেশের যোগাযোগ খাতের ডিজিটাল রূপান্তরে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।
সফরকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন