রংপুরে আলোচিত চার খুনের মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত চার্জশিট দেওয়া এবং বিচারকাজ শেষ করার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্তে বিভিন্ন বিষয় সামনে আসছে এবং এ কারণে কিছুটা সময় লাগছে। তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, রংপুর শহরে এর আগে এমন বড় ধরনের হত্যাকাণ্ড ঘটেছে বলে তার জানা নেই। এ কারণে তদন্তে সময় লাগলেও অল্প সময়ের মধ্যেই তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া এবং দ্রুততম সময়ে বিচারকার্য শেষ করার আশা প্রকাশ করেন তিনি।
স্বাস্থ্য খাতের বিভিন্ন সংকট প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির কারণে শুধু স্বাস্থ্য খাত নয়, দেশের বিভিন্ন খাতই ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং জনবল সংকট নিরসনে নিয়োগ কার্যক্রম চলছে।
তিনি জানান, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়োজনীয় জনবল ও অন্যান্য চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হবে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেড চালুর বিষয়ে মন্ত্রী বলেন, অ্যানেস্থেশিয়া চিকিৎসকের সংকটের কারণে এতদিন আইসিইউ বেড চালু করা সম্ভব হয়নি। এরই মধ্যে প্রয়োজনীয় পদায়ন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করা সম্ভব হবে বলে আশা করছি, বলেন তিনি।
এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করতে সেখানে যান ত্রাণমন্ত্রী। পরে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগ দেন তিনি।
এ ছাড়া শনিবার সকালে বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু।
মন্তব্য করুন