জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—এ নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির।
তিনি জানিয়েছেন, এবারের সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া। তাই জাতিসংঘের কার্যক্রমের বাইরে আলাদা কোনো দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার সুযোগ সীমিত। ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক পরবর্তী সময়ে উপযুক্ত সময় ও দুই পক্ষের সুবিধা অনুযায়ী বিবেচনা করা হবে।
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সোমবার স্থানীয় সময় রাত ৯টায় ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হুমায়ূন কবির।
এক সাংবাদিক জানতে চান, চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলাদা কোনো বৈঠকের সুযোগ তৈরি হয়েছে কি না।
জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটি দ্বিপক্ষীয় নয়, বহুপক্ষীয় সফর। সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়া। তবে দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ অন্যভাবেও রয়েছে।
হুমায়ূন কবির বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন এবং বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তবে সেটি দ্বিপক্ষীয় বৈঠক হিসেবে পরবর্তী সময়ে উপযুক্ত সময় ও উভয় পক্ষের সুবিধা অনুযায়ী বিবেচনা করা হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
পরে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্তব্য করুন