অননুমোদিত রুটে জাহাজ চলাচলের চেষ্টার পর সতর্কতামূলক গুলি; নিরাপত্তার কারণ দেখিয়ে প্রণালি বন্ধ, উত্তেজনা বাড়তে পারে মধ্যপ্রাচ্যে
মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অনুমোদনহীন একটি রুট দিয়ে প্রণালি অতিক্রমের চেষ্টা করা একটি জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানায়, সাম্প্রতিক সময়ে কয়েকটি জাহাজ নির্ধারিত পথের বাইরে দিয়ে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করেছে। আইআরজিসি এসব ঘটনাকে বিদেশি শক্তির অযাচিত হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইআরজিসির নৌবাহিনী একটি জাহাজের উদ্দেশে সতর্কতামূলক গুলি ছোড়ে। এরপর নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ ও নৌযানের চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইআরজিসি আরও জানায়, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এদিকে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের পূর্ব উপকূলের কাছে একটি কনটেইনারবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আইআরজিসি যে জাহাজটির দিকে সতর্কতামূলক গুলি ছোড়ার দাবি করেছে, সেটি একই জাহাজ কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকবে। তার ভাষ্য অনুযায়ী, সামরিক উত্তেজনার মধ্যেও উভয় পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনার পথ খোলা রাখতে যোগাযোগ অব্যাহত রেখেছে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকলে আন্তর্জাতিক তেল সরবরাহ, জ্বালানির দাম এবং বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
মন্তব্য করুন