১৫ মার্চ থেকে মোট মৃত্যু ৭৩৮; সন্দেহজনক রোগী ১ লাখ ৫ হাজার ছাড়াল, উদ্বেগে স্বাস্থ্য বিভাগ।
সারাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (৫ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮ জনে।
গত ২৪ ঘণ্টায় ১০৬টি শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯২৫ জন। অর্থাৎ একদিনেই মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩১ জন।
এ সময়ে ৮৭৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে ৯০৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৫ হাজার ৬১৮ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১২ হাজার ৬৩২ জন।
এ পর্যন্ত মোট ৮৮ হাজার ৮৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৫ হাজার ১২২ জন হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা, হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছে।
মন্তব্য করুন