৪৭তম বিসিএসে মেধাতালিকার প্রথম ৫০-এ স্থান; সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) পদে সুপারিশ
একসময় চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হিসেবে কোটি দর্শকের হৃদয় জয় করেছিলেন মির্জা তানজিম শরীফ মুগ্ধ। গান দিয়ে পরিচিতি পাওয়া সেই মুগ্ধ এবার নতুন এক অর্জনে আলোচনায়। ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে তিনি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। মেধাতালিকার প্রথম ৫০ জনের মধ্যে স্থান করে নিয়ে সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) পদে সুপারিশ পেয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে এ সুখবর শেয়ার করেন মুগ্ধ।
তিনি লেখেন,
“আলহামদুলিল্লাহ। ৪৭তম বিসিএস। প্রশাসন ক্যাডার। মেধাক্রমে দেশের প্রথম ৫০-এ স্থান করে নিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্তির সুসংবাদ জানাই সবাইকে।”
একই পোস্টে তিনি এই অর্জনের পেছনের দীর্ঘ সংগ্রামের কথাও তুলে ধরেন। ২০১৯ সাল থেকে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত মুগ্ধ লেখেন, শত দায়িত্ব, অনিশ্চয়তা ও কঠোর পরিশ্রমের পর মহান আল্লাহর অশেষ রহমতেই এই সাফল্য এসেছে। পাশাপাশি তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় তাঁর কাছে সবসময়ই গর্বের এবং এই অর্জন সেই অনুভূতির গুরুত্ব কমিয়ে দেয়নি।
মির্জা তানজিম শরীফ মুগ্ধর সাফল্যের গল্প অনেক দিনের। স্কুলজীবন থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। ময়মনসিংহ জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ অর্জনের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রকৌশল শিক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
সংগীতের পাশাপাশি গণিতেও ছিল তাঁর অসাধারণ সাফল্য। ২০১২ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত ৫৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে তিনি অনারেবল মেনশন অর্জন করেন। এছাড়া জাতীয় গণিত অলিম্পিয়াডে ছয়বার চ্যাম্পিয়ন হওয়ার বিরল কৃতিত্বও রয়েছে তাঁর।
২০১০ সালে চ্যানেল আইয়ের জনপ্রিয় সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সারা দেশে পরিচিতি পান মুগ্ধ। তবে তাঁর প্রতিভা শুধু সংগীতেই সীমাবদ্ধ ছিল না। উপস্থিত বক্তৃতা, রচনা, চিত্রাঙ্কন, বিজ্ঞান অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডসহ বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি। বুয়েটে ভর্তি হওয়ার আগেই তাঁর ঝুলিতে ছিল ২৯টি জাতীয় পুরস্কার।
খেলাধুলাতেও তিনি ছিলেন সমান সফল। ২০০৮ সালে আন্তঃস্কুল টেবিল টেনিস ও বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।
ময়মনসিংহের চড়পাড়ায় জন্ম নেওয়া মুগ্ধর বাবা ইসকান্দর মির্জা একজন কলেজশিক্ষক এবং মা তাহমিনা বেগম স্বাস্থ্য পরিদর্শক। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয় এবং তাঁর একজন যমজ ভাইও রয়েছেন।
গান, গণিত, শিক্ষাজীবন ও নেতৃত্ব—প্রতিটি ক্ষেত্রেই নিজের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখা মির্জা তানজিম শরীফ মুগ্ধ এবার প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। সেরাকণ্ঠের মঞ্চ থেকে রাষ্ট্রের প্রশাসনে—তাঁর এই অনন্য যাত্রা ইতোমধ্যেই অনেক তরুণের জন্য অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।
মন্তব্য করুন