ডকুমেন্টারি নিয়ে সমালোচনার জবাব দিলেন মির্জা ফখরুলের মেয়ে; এনসিপির অনুষ্ঠান বর্জনের সমালোচনাও করলেন
ঢাকা: সম্প্রতি প্রকাশিত একটি ডকুমেন্টারি নিয়ে সামাজিক মাধ্যমে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে নিজের মতামত জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা।
বুধবার (৫ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ডকুমেন্টারি নিয়ে বিভিন্ন সমালোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানান।
শামারুহ মির্জা লিখেছেন, “দেখলাম সেই ডকুমেন্টারি, যে ডকুমেন্টারি নিয়ে আজ এত আলোচনা। আবু সাঈদের নাম নেই বলে যারা প্রচার করছে, তারা গুজব ছড়াচ্ছে।”
তিনি আরও বলেন, ডকুমেন্টারিতে কোথাও তারেক রহমানকে এক দফা দাবির ঘোষক হিসেবে দাবি করা হয়নি। পাশাপাশি তার মন্তব্য, “নাহিদ, আসিফদের দেখানো উচিত ছিল।”
এনসিপির নেতাদের অনুষ্ঠান বর্জনের প্রসঙ্গ টেনে শামারুহ মির্জা আরও সমালোচনা করেন। তিনি বলেন, “তবে এনসিপি যা করল একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে! বিজয়ীরা কেন লুজারের মতো আচরণ করবে।”
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত ওই ডকুমেন্টারি প্রদর্শনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিতর্ক সৃষ্টি হয়। ডকুমেন্টারিতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উপস্থাপন করা হয়নি—এমন অভিযোগ তুলে এনসিপির নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান বর্জন করেন। অন্যদিকে বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মন্তব্য করুন