রাজধানীর মিরপুরে মর্মান্তিক এক দুর্ঘটনায় মিরপুর কলেজের বাউন্ডারি দেয়াল ধসে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (দুপুরে) মিরপুর-২ নম্বর সেকশনে কলেজটির পেছনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সালমা আক্তার (৩৫) এবং এখনো পরিচয় শনাক্ত না হওয়া প্রায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি। এ ঘটনায় রাজিয়া বেগম (৪৫) নামে আরও এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রাজিয়া বেগমের জামাতা মো. রুবেল জানান, তারা মিরপুর-১০ নম্বর এলাকায় বসবাস করেন। টিসিবির পণ্য সংগ্রহের জন্য রাজিয়া বেগম মিরপুর কলেজের পেছনের সড়কে লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ পাশের বাউন্ডারি দেয়াল ধসে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর পড়ে। এতে কয়েকজন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজিয়া বেগমের পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।
রুবেল আরও জানান, আহতদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে থাকা অজ্ঞাতনামা ওই ব্যক্তিকেও ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরনে ছিল চেক লুঙ্গি ও চেক শার্ট। অন্যদিকে, এ ঘটনায় আহত সালমা আক্তারকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মিরপুর-২ এলাকার জনতা হাউজিংয়ের বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ এবং দেয়াল ধসের পেছনে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন