কাগজে-কলমে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া-এনসিপিআই’তে যোগ দিলেও তৃণমূলের বিদ্রোহী সাংসদদের মূল লক্ষ্য ক্ষমতা। কেন্দ্রে না হলেও এতদিন তবু রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল। গত নির্বাচনে ভরাডুবির পর কাকলী ঘোষদের মনে হলো, ‘ক্ষমতাহীনতায় কে বাঁচিতে চায়’। কিছুটা আইনী ঝুঁকি থাকলেও তারা সরাসরি বিজেপিতেই যোগ দিতে পারতেন। বিজেপিতে না গিয়ে এনসিপিআইতে কেন, এটা নিয়েই সবার কৌতুহল। এখানেই লুকিয়ে আছে রাজনীতির কূটচাল আর কূটকৌশলের খেলা। তৃণমূলের বিদ্রোহী সাংসদ আর বিজেপি মিলেই যে এনসিপিআই আবিষ্কার করেছে, তা এখন একেবারে সংবিধান না বোঝা ভারতের শিশুটিও বোঝে।
সরাসরি বিজেপিতে না গেলেও তৃণমূলের বিদ্রোহী সাংসদরা এনসিপিআই নিয়ে বিজেপির পাশেই মানে ক্ষমতাসীন এনডিএ জোটেই থাকার ঘোষণা দিয়েছে। সরাসরি যোগ দিলে তারা আসলে বিজেপির সর্বভারতীয় বিশাল সমূদ্রে বিলীন হয়ে যেতো। আলাদা কোনো অস্তিত্বই থাকতো না। তাই তারা এনসিপিআইয়ের সাথে তৃণমূলকে একীভূত করেছে। দুই-তৃতীয়াংশের যৌথ সিদ্ধান্তে অন্য দলের সাথে একীভূত হওয়ার সুযোগ আছে। তবে ভারতীয় সুপ্রিম কোর্টের এক রায়ে মূল রাজনৈতিক দল ও সংসদীয় দলকে আলাদা স্বত্তা হিসেবে অভিহিত করা হয়েছে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও অন্য দলের সাথে একীভূত হতে হলে মূল দলের রাজনৈতিক সিদ্ধান্ত লাগবে। মমতা-অভিষেক নিশ্চয়ই দল ভাঙ্গার অনুমতি দেবেন না। তাই বিজেপিতে যোগ দিলে সেটা নিছক দলবদল হিসেবেই চিহ্নিত হতো, একীভুত হওয়া নয়। অভিষেক বন্দোপাধ্যায় এরই মধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লাকে দেয়া চিঠিতে এ কথা বলেছেন। তবে এনসিপিআইতে যাওয়ার একটা বড় সুবিধাও আছে। নির্বাচন কমিশনে নিবন্ধিত হলেও এনসিপিআইতে কোনো মাতব্বর নেই। এনসিপি মূলত ত্রিপুরাভিত্তিক একটি পারিবারিক দল। একসময় শিউলি কুন্ডু দলটির প্রধান ছিলেন, এখন তার স্বামী উত্তীয় কুন্ডু দল চালান। দল ভাড়া দিতে পেরেই নিশ্চয়ই তারা খুশি থাকবেন। তাই কাকলী ঘোষরা এখানে নিজেদের মত ছড়ি ঘোড়াতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন, এমনকি নিজেদের আসল তৃণমূল দাবি করতে পারবেন। গত নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে নির্বাচন করে যে দল সাকুল্যে ভোট পেয়েছে ৮৮২, তারাই এখন এনডিএ জোটে বিজেপির পর সবচেয়ে বড় দল। ৮৭০ জন অনুসারীর ফেসবুক পেজ আর হাওড়ায় জনমানবহীন ভুতুড়ে অফিস ছাড়া যাদের কিছু ছিল না, তারা এখন লোকসভায় পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দল। আসলেই রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই!
এনসিপিআই কাকলী ঘোষদের ডেসটিনেশন নয়, ট্রানজিট মাত্র। তাদের আসল লক্ষ্য তৃণমূল দখল নেয়া। সরাসরি বিজেপিতে গেলে সে সুযোগ আর থাকতো না। একীভূত হওয়ার পর তারা এখন নিজেদের আসল তৃণমূল হিসেবে দাবি করবে এবং তৃণমূলের নির্বাচনী প্রতীক ’জোড়া ফুল’ কেড়ে নিতে চাইবে, দখল নিতে চাইবে তৃণমূলের অফিসের। মাথার ওপর বিজেপির হাত থাকলে আসলে কিছুই অসম্ভব নয়।
সরাসরি বিজেপিতে যোগ দিলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাদের প্রবল সমালোচনার মুখে পড়তে হতো। তারা চিহ্নিত হতো ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক হিসেবে। যাতে তাদের রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটতে পারতো। আর এত বড় ডিগবাজি দেয়ার মত সক্ষমতাও প্রবীণ নেতাদের অনেকের নেই। তারচেয়ে বড় কথা, তাদের লক্ষ্য তো অনেক দূরে। তাই লম্বা ডিগবাজি দিয়ে হাত পা ভেঙ্গে এখনই রাজনীতিতে ইতি ঘটানোর ঝুঁকি তারা নিতে চাননি। তাছাড়া এতদিন অসাম্প্রদায়িকতা আর বাঙালিয়ানার গল্প বলে এখন সরাসরি বিজেপির কোলে চড়ে বসলে তাদের নৈতিকতা প্রশ্নের মুখে পড়তো। তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন এখনও উঠছে। তবে চক্ষুলজ্জাটা অন্তত আছে। আর এই চক্ষুলজ্জার খাতিরেই তারা ত্রিপুরাভিত্তিক বাঙালিদের দল এনসিপিআইকে আবিষ্কার করেছে। এখন তারা বলতে পারবেন, আমরা মমতাকে ছেড়েছি, কিন্তু বিজেপিতে তো যাইনি।
তাছাড়া তৃণমূলের ঘর ভাঙ্গার পাশাপাশি বিজেপিকে নিজেদের ঘরের দিকেও খেয়াল রাখতে হচ্ছে। একসঙ্গে তৃণমূলের ২০ জন হেভিওয়েট নেতার যোগ দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি শিবিরের ভেতরেই তীব্র আপত্তি ও ক্ষোভ ছিল। নতুন নেতারা এলে পুরোনো ও ত্যাগী নেতাদের পদপদবী, প্রভাব-প্রতিপত্তিতে ভাগ বসতো। তারচেয়ে দূরে থেকে কাছে থাকাই ভালো। সাপ মরে ভুত, কিন্তু লাঠির কিচ্ছু হয়নি।
এনসিপিআইয়ের আবিষ্কার করে কাকলী ঘোষরা এক ঢিলে অনেক পাখি মারলেন। নিজেদের সদস্যপদের আইনী সুরক্ষা পেলেন, তৃণমূল কংগ্রেসকে তছনছ করার সুযোগ নিলেন, ভবিষ্যতের রাজনীতির পথ সুগম রাখলেন আর এনডিএ জোটের সাথে গাঁটছড়া বেধে ক্ষমতার কাছোকাছিই রইলেন।
এনসিপিআই এতদিন নিজেদের ‘সমাজসেবামূলক দল’ হিসেবে দাবি করতো। সংগঠনের পুরোনো এক বিবৃতিতে লেখা, ‘দল বদলানো রাজনৈতিক মুখ নয়; আপনি এগিয়ে আসুন জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে’। এখন কোথায় মুখ লুকাবে এনসিপিআই। বিজেপির প্রযোজনায় কাকলী ঘোষ আর সুদীপ বন্দোপাধ্যায়রা সংবিধানকে যেভাবে পাশার বোর্ড বানালেন, রাজনীতিকে বানালেন ছেলেখেলায়; তার শেষ কোথায়? পশ্চিমবঙ্গের নির্বাচনের আগেও অনেক চালাকি করেছে বিজেপি। এবার চালাকিটা একটু বেশিই হয়ে গেছে মনে হয়। এখন অতি চালাকের গলায় দড়ি পড়বে না মমতা-অভিষেককে একেবারে হটিয়ে শুভেন্দু-সুদীপরাই পশ্চিমবঙ্গে রাজ করবেন; তা দেখতে একটু অপেক্ষা করতে হবে।
|
২০ জুন, ২০২৬