আজ (২১ জুন) জাগো নিউজের সঙ্গে আলাপকালে মায়ের অসুস্থতার বিষয়ে কথা বলেন মনির খান। তিনি জানান, শুক্রবার (২০ জুন) সন্ধ্যার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তার মা। এরপর পরিবারের সদস্যরা তাকে ঝিনাইদহের মহেশপুরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার পরামর্শ দেন।
প্রথমদিকে পরিবারের সদস্যরা আশঙ্কা করেছিলেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা ভিন্ন তথ্য জানিয়েছেন।
মনির খান বলেন, ‘আমার মনে হয়েছিল তিনি কার্ডিয়াক অ্যাটাক করেছেন। আজ বিকেল ৪টার দিকে রিপোর্টগুলো পাওয়ার পর ডাক্তাররা বোর্ড বসিয়ে দেখেছেন, তিনি কার্ডিয়াক অ্যাটাক করেননি। শরীরের ভেতরে কোনো ইনফেকশনের কারণে ব্যথা উঠতে পারে। পাশাপাশি তার রক্তচাপও অনেক নিচে নেমে গিয়েছিল।’
তিনি আরও জানান, চিকিৎসা দেওয়ার পর তার মায়ের অবস্থার উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
মায়ের বর্তমান অবস্থা সম্পর্কে মনির খান বলেন, ‘সেখানে চিকিৎসার পরে তার বেশ উন্নতি হয়েছে। আশা করছি আগামীকাল তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।’
মনির খানের ভাষায়, ‘আব্বা মারা যাওয়ার পর আম্মা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। মা গ্রামে থাকেন। তিনি ঢাকায় আসতে চান না। আমার বাবাও গ্রাম ছেড়ে ঢাকায় আসতে চাইতেন না। গ্রামের বাড়িতে আমার দুই ভাইয়ের সঙ্গে থাকেন। আমি সময় পেলেই তাকে দেখতে যাই।’
সবশেষে মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই জনপ্রিয় গায়ক। তিনি বলেন, ‘আম্মার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি।’
মন্তব্য করুন