Infinity Bangla TV
২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

অপরাধ-মানসিকতা তৈরির ভয়ংকর ফাঁদ ‘অ্যালগরিদম’

মানুষের সঙ্গে মানুষের ভার্চুয়াল যোগাযোগের প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগমাধ্যম এখন আর কেবল মতবিনিময়ের জায়গা নয়-ক্রমেই তা বিভাজন, বিদ্বেষ ও সহিংসতা ছড়ানোর উর্বর ক্ষেত্রে পরিণত হচ্ছে। এর নেপথ্যে কাজ করছে এক অদৃশ্য কিন্তু শক্তিশালী নিয়ন্ত্রক ‘অ্যালগরিদম’। ব্যবহারকারীর পছন্দ, আগ্রহ ও আচরণ বিশ্লেষণ করে নির্দিষ্ট ধরনের কনটেন্ট সামনে এনে এই প্রযুক্তি ধীরে ধীরে মানুষের চিন্তা, অনুভূতি ও আচরণকে প্রভাবিত করছে।

বিশেষজ্ঞদের মতে, অ্যালগরিদমনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম এখন জ্ঞানের জানালা খুলে দিচ্ছে না, বরং তৈরি করছে দেওয়াল। মানুষ জানছে কম, কিন্তু বিশ্বাস করছে বেশি। গুজব, উসকানি ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে, যা মোকাবিলায় রাষ্ট্রীয় সক্ষমতা ও কার্যকর উদ্যোগ স্পষ্টতই অপর্যাপ্ত।

বিশ্লেষকদের ভাষায়, ভিউ ও এনগেজমেন্টের ব্যবসায়িক চিন্তায় ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম নিরপেক্ষ কোনো প্রযুক্তি নয়। এটি ব্যবহারকারীর আবেগ, রাগ, ভয় ও ঘৃণাকে ট্রিগার করে এমন কনটেন্টই বেশি ছড়িয়ে দেয়। ব্যবহারকারী যে মতাদর্শে বিশ্বাস করেন, সেই মতের পোস্ট, ভিডিও ও বিশ্লেষণ তার সামনে পাঠায়। ফলে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় ভিন্নমত। বিতর্কের জায়গা দখল করে নেয় বিদ্বেষ, আর ভিন্নমতের মানুষ রূপ নেয় ‘শত্রুতে’।

এই বাস্তবতায় সামাজিক যোগাযোগমাধ্যম আর মতবিনিময়ের ক্ষেত্র না থেকে একেকটি ভার্চুয়াল যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে। পাশাপাশি বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার। সংঘবদ্ধ চক্র এই পরিবেশকে কাজে লাগিয়ে গুজব ও উসকানিমূলক কনটেন্ট ছড়িয়ে দিচ্ছে, যার প্রভাবে যুবসমাজ জড়িয়ে পড়ছে মব সৃষ্টি, গণপিটুনি ও নানা সহিংস অপরাধে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দীর্ঘমেয়াদি নীতি, ডিজিটাল লিটারেসি ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো না গেলে অ্যালগরিদম জনমতকে ভুল পথে চালিত করে বড় ধরনের সামাজিক বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে।

ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন রহমান বলেন, ‘ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা এক্সে স্ক্রল করলেই একের পর এক পছন্দসই কনটেন্ট সামনে আসতে থাকে। দিনে যদি ২০টি কনটেন্ট দেখি, তার মধ্যে ১৮টিই আমার নিজের মতের পক্ষে। এতে ভিন্নমত শোনার মানসিক প্রস্তুতিটাই নষ্ট হয়ে যায়।’

বিশ্লেষকদের মতে, ব্যবহারকারীকে কনটেন্ট বাছাই করতে হয় না, অ্যালগরিদমই তার হয়ে সেই কাজটি করে দেয়। এভাবেই তৈরি হয় ‘ইকো চেম্বার’, যেখানে মানুষ কেবল নিজের মতের প্রতিধ্বনিই শুনতে থাকে। ভিন্ন তথ্য ও যুক্তির জায়গা ক্রমেই সংকুচিত হয়ে পড়ে।

গত দুই সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ৩০ জন তরুণ-তরুণীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাদের কাছে জানতে চাওয়া হয়-প্রতিদিন তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কত সময় ব্যয় করেন, কী ধরনের কনটেন্ট নিয়মিত দেখেন, কোন ধরনের কনটেন্ট তাদের বেশি আকর্ষণ করে, ভিন্নমতের কনটেন্ট তাদের চোখে পড়ে কি না এবং ভিন্নমতের ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে তাদের সম্পর্ক কেমন। পাশাপাশি অনলাইনে কমেন্ট বা চ্যাটিংয়ে তর্ক-বিতর্কে জড়ান কি না এবং পরিবারের সদস্যদের সামাজিক মাধ্যমের আইডিতে লাইক, কমেন্ট করেন কি না-এসব বিষয়েও প্রশ্ন করা হয়।

তাদের ২০ জন জানিয়েছেন-দিনে গড়ে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সামাজিক মাধ্যমে সময় দেন। বাকিরা সময় দেন এক থেকে আড়াই ঘণ্টা। ওই ৩০ জনের মধ্যে ২৪ জন স্বীকার করেছেন, ভিন্নমতের কনটেন্ট খুব কমই সামনে আসে। ২২ জন জানিয়েছেন, অনলাইনে তর্ক-বিতর্কে তারা আগের চেয়ে বেশি রাগান্বিত হন। ২০ জন জানিয়েছেন, উত্তেজক ও নেতিবাচক কনটেন্ট বেশি আকর্ষণ করে। ১৫ জন ভিন্নমতের মানুষকে ব্লক করেন এবং ২৩ জন জানিয়েছেন, পরিবারের সদস্যদেরও সামাজিক মাধ্যমে এড়িয়ে যান।

অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও উসকানিমূলক পোস্ট থেকেই বহু সহিংস ঘটনার সূত্রপাত হয়েছে। ভাইরাল হওয়া পোস্ট বা ভিডিও দেখে উত্তেজিত জনতা আইন নিজের হাতে তুলে নিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, গুজব ছড়িয়ে মব সৃষ্টি, ধর্মীয় ও রাজনৈতিক উসকানিতে হামলা, অনলাইন হুমকি থেকে খুন, সাইবার বুলিং থেকে আত্মহত্যা-এসব অপরাধের পেছনে সামাজিক মাধ্যমের ভূমিকা এখন স্পষ্ট। উসকানিমূলক রাজনৈতিক কনটেন্ট তুলনামূলক বেশি রিচ পায়, যেখানে ভিন্নমতকে ‘শত্রু’ হিসাবে উপস্থাপন করা হয়।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে, ২০২৪ সালের ৮ আগস্টের পর থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত দেশে অন্তত ২৯৩ জন মব সন্ত্রাসে নিহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর অনেক ঘটনার সূত্রপাত হয়েছে সামাজিক মাধ্যমে ছড়ানো পোস্ট বা ভিডিও থেকে।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, অ্যালগরিদমভিত্তিক এমন কনটেন্ট ব্যবস্থাপনা ধাপে ধাপে মানুষকে অপরাধপ্রবণ করে তোলে। বারবার সহিংস ভিডিও দেখার ফলে তৈরি হয় একধরনের ডিসেনসিটাইজেশন-অর্থাৎ অনুভূতি ভোঁতা হয়ে যাওয়া। তখন সহিংসতা আর অস্বাভাবিক মনে হয় না; বরং অপরাধকে ‘হিরোইজম’ হিসাবে দেখার প্রবণতা তৈরি হয়।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক যুগান্তরকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো নেতিবাচক কনটেন্ট ‘ক্রিমিওজেনিক’ (অপরাধীকরণের উপাদান) হিসাবে কাজ করছে। ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী একই ধরনের কনটেন্ট বারবার সামনে আসায় গুজব, উসকানিমূলক ও বিভ্রান্তিকর কনটেন্ট দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমাজে অপরাধপ্রবণ মানসিকতা তৈরি হয়। তিনি বলেন, এ ধরনের কনটেন্ট মানুষকে অবচেতনভাবে অপরাধের প্রতি আকৃষ্ট করে। বিশেষ করে তরুণদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম একধরনের অনানুষ্ঠানিক অপরাধ-শিক্ষার প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে, যেখানে পর্নোগ্রাফি, মাদক ও অস্ত্রসংক্রান্ত কনটেন্ট মোটিভেশনাল ফ্যাক্টর হিসাবে কাজ করে। ড. ওমর ফারুকের মতে, সময়মতো সোশ্যাল মিডিয়া ও এআই পলিসির লাগাম টানা না গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, অ্যালগরিদম সোশ্যাল মিডিয়ার ব্যবসায়িক পলিসির অংশ। এটি নিয়ন্ত্রণে কারও সরাসরি হাত নেই। তবে কনটেন্ট সম্পর্কে মানুষকে আরও সচেতন হতে হবে এবং সত্য-মিথ্যা যাচাই করে বিশ্বাস করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে জ্বালানি সরবরাহ নিয়ে ‘শঙ্কা’, বিকল্প উৎসের সন্ধান

ইরানের নতুন নেতৃত্বে পছন্দের তিনজন আছেন: ট্রাম্প

আয়াতুল্লাহ আলী খামেনিই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত হয়েছেন

ইফতারে ড. ইউনূসসহ সদ্য বিদায়ি উপদেষ্টারা

পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’ ও রক্তক্ষয়ী সংঘাতের চিত্র

টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৫ জন

ঢাকাসহ দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা

সিরাজগঞ্জে সরকারী গাছ কর্তন ও অবৈধভাবে পুকুরের মাটি কাটার অভিযোগ

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

ইরানের ওপর হামলার ঝুঁকি নিয়ে ট্রাম্পকে শীর্ষ জেনারেলের সতর্কবার্তা

১০

রোজা এলেই প্রাণ ফিরে পুরান ঢাকায়, চকবাজারে চার শতাব্দীর ইফতার উৎসব

১১

বেশি ফাইবার মানেই সুস্বাস্থ্য নয়, হজমের সমস্যায় হতে পারে হিতে বিপরীত

১২

অপরাধ-মানসিকতা তৈরির ভয়ংকর ফাঁদ ‘অ্যালগরিদম’

১৩

রোজায় বাড়তি ক্যালরির খাবার নয়, বেছে নিন পুষ্টিকর খাবার

১৪

২৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ

১৫

এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

১৬

কুয়াকাটায় দোকানে হামলা, স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা গ্রেফতার

১৭

এক টাকার ইফতার বিক্রি!

১৮

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

১৯

‘কেহ বা মেম্বার, কেহ বা মিনিস্টার’—সুন্দর দিন কি ফিরে আসবে?

২০